ছোটবেলায় মাঝে মাঝে আত্মীয়স্বজন অথবা পাড়াপড়শিরা আমাকে "উপোস' শেখাতে চাইতেন৷ এদিকে খামোখা উপোসটুপোস আমার পোষায় না কোনকালেই৷ একটু বড় হওয়ার পর শুভার্থীরা আমার শ্রবণসীমার মধ্যে; 'মেয়ে হয়ে জন্মিয়েও উপোস করে না, কি অলক্ষ্মী মেয়ে বাবা! আর মা'কেও বলিহারি, মেয়েকে শেখায়ও না' জাতীয় বাক্যাংশ বেশ স্বর চড়িয়েই উচ্চারণ করতেন৷ কিন্তু উপোসটুপোস আমার দ্বারা কোনদিনই হয় নি৷ গান্ধিজীর সম্পর্কে পড়তে গিয়েও প্রথম কথাই মনে হয়েছিল 'বাপরে না খেয়ে দিনের পর দিন থাকে কি করে! আয়ত্ত্বের মধ্যে খাবার আছে কিন্তু দিনের পর দিন খাচ্ছে না, কি সাংঘাতিক সংযম'৷ বেশ বড় হয়ে জানলাম 'সাল্লেখানা'-- জৈনদের একটি রীতি, যাতে এক এক করে বিভিন্ন খাদ্য ও পানীয় ত্যাগ করে শেষপর্যন্ত অনশনে দেহত্যাগ --- সেও বড় অবাক করেছিল৷